জাতীয়

গতকাল (রোববার) সারাদিন যা যা ঘটেছে

🟧 শেখ হাসিনার ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানির সুযোগ দেওয়া এবং আগামী জাতীয় নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগ এনে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

🟧 তবে ভারতের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেসব দাবি জানিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি বলেছে, বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভূক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের পক্ষে তাদের অবস্থান।

🟧 সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। ধানমণ্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

🟧 ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হচ্ছে সিঙ্গাপুরে।

🟧 অস্ট্রেলিয়ার বন্ডি বিচে দুই বন্দুকধারীর গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছে বলে নিউ সাউথ ওয়েলসের পুলিশ জানিয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন শিশু ও পুলিশসহ অন্তত ২৯জন।

🟧 আফ্রিকার দেশ সুদানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর।

🟧 শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর, রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল বাড়াচ্ছে সরকার। রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

🟧 শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। দুইজন সন্দেহভাজন ব্যক্তিকেও শনাক্ত করা হয়েছে।

ওসমান হাদিকে আজ দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে আজ সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে। তাঁকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

ওসমান হাদির সঙ্গে তাঁর দুই ভাই ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক যাবেন। সকালে এ তথ্য নিশ্চিত করেন সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি জানান, এভারকেয়ার হাসপাতাল থেকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে তাঁকে বিমানবন্দরে নেওয়া হবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওসমান হাদির চিকিৎসার সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে এবং চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ শুরু

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ ঘোষণা দেন।

একই সঙ্গে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদারে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, গুলিতে জড়িত একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

জুলাই অভ্যুত্থান নস্যাৎয়ের চেষ্টা রুখতে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ অবস্থান

জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার সব ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকে অভ্যুত্থানবিরোধী ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে এই অবস্থান জানান বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতারা।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে নেতারা বলেন, এই হামলার উদ্দেশ্য নির্বাচন ব্যাহত করা। প্রধান উপদেষ্টা বলেন, হামলাটি পরিকল্পিত এবং এর পেছনে সংঘবদ্ধ শক্তি কাজ করছে।

বৈঠকে অংশ নেওয়া নেতারা পরস্পরের দোষারোপ এড়িয়ে ঐক্য ধরে রাখার আহ্বান জানান। তারা বলেন, অনৈক্যের সুযোগ নিচ্ছে ষড়যন্ত্রকারীরা। নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষায় সবাইকে সংযত ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় এ সাক্ষাৎ হয়।

প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সরকার সব ব্যবস্থা নিচ্ছে। প্রয়োজনে দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থাও করা হবে। তিনি দ্রুত অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান।

সাক্ষাতে পরিবারের সদস্যরা হামলাকারীদের দ্রুত বিচার এবং জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

Scroll to Top