জাতীয়

আদালতে হাজিরা দিতে এসে ভাই কাদের সিদ্দিকীকে পাশে পেলেন লতিফ সিদ্দিকী

শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিনে মুক্তির পর আবারও আদালতে হাজিরা দিয়েছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। রোববার তার সঙ্গে ছিলেন ছোট ভাই, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে তদন্ত প্রতিবেদনের দিন নির্ধারিত থাকলেও পুলিশ তা দাখিল করতে পারেনি। নতুন তারিখ ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। ৮৬ বছর বয়সী লতিফ সিদ্দিকীর বয়স ও অসুস্থতার কারণে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন আদালত মঞ্জুর করেছেন।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আটক থাকার পর হাইকোর্ট থেকে জামিন পেয়ে সম্প্রতি কারামুক্ত হন লতিফ সিদ্দিকী।

বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টে রিট দায়ের

সারা দেশের আদালত প্রাঙ্গণ ও বাসস্থানে অধস্তন আদালতের বিচারকদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করা হয়।

রিটে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। চলতি সপ্তাহেই আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজশাহীতে মহানগর দায়রা জজ আব্দুর রহমানের ছেলে হত্যার ঘটনার পর বিচারক নিরাপত্তা নিয়ে দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়। এ ঘটনায় বিচারকদের সংগঠন আন্দোলনের ঘোষণা দিলেও নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস পাওয়ার পর কর্মসূচি প্রত্যাহার করা হয়।

শেখ হাসিনার মামলার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি

জুলাই গণ-অভ্যুত্থয়নের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় সোমবার সরাসরি সম্প্রচার করা হবে। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

তিনি বলেন, ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে রায়ের যে অংশটি বিচারকরা পড়ে শোনাবেন, সেটি বিটিভি সরাসরি প্রচার করবে। অন্যান্য গণমাধ্যমও এ সম্প্রচার রিলে করতে পারবে।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল–১ এ রায় দেবেন। মামলার অন্য আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন।

নতুন ইউনিফর্মে মাঠে নেমেছে পুলিশ

ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে আজ শনিবার প্রথমবারের মতো দেখা গেল পুলিশের নতুন পোশাক। ডিএমপিসহ দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটে আজ থেকে লৌহ রঙের এই ইউনিফর্ম চালু হয়েছে। তবে জেলা পুলিশ ধাপে ধাপে নতুন পোশাক পাবে।

বৈষম্যবিরোধী আন্দোলনের দমন–পীড়নের অভিযোগের পর পুলিশ সংস্কারের দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার এই নতুন পোশাক অনুমোদন করে। পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে ও নৌ পুলিশও একই পোশাকে কাজ করবে।

অন্তর্বর্তী সরকার আশা করছে, পোশাক পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যদের মানসিকতা ও আচরণেও ইতিবাচক পরিবর্তন আসবে। স্বাধীন পুলিশ কমিশন গঠনের কাজও চলছে।

৫৪ বছরে না হওয়া কাজ এক বছরে সম্ভব নয়: রিজওয়ানা হাসান

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকার খাল রক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনা বহু বছরেও ঠিক হয়নি, তাই এক বছরে সমাধান সম্ভব নয়। কেরানিগঞ্জে জলাধার সংস্কার প্রকল্পের উদ্বোধনে তিনি বলেন, খালের ইজারা প্রকৃত মৎস্যজীবীদের হাতে পৌঁছানো জরুরি।

তিনি জানান, জেলা প্রশাসনকে প্রয়োজনীয় প্রকল্প প্রস্তাব দিতে বলা হবে। রিজওয়ানা বলেন, উন্নয়ন শুধু সেতু–সড়ক নয়, পরিবেশ রক্ষাও সমান গুরুত্বপূর্ণ। পলিথিন নিয়ন্ত্রণে ব্যর্থতা উল্লেখ করে তিনি পাটের ব্যাগ ব্যবহারের আহ্বান জানান।

Scroll to Top