খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি, ঢাকায় আসছেন জোবাইদা রহমান

সংকটাপন্ন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। এ উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার পথে রওনা হচ্ছেন বলে দলের শীর্ষ সূত্র নিশ্চিত করেছে।

ঢাকায় পৌঁছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে তিনি লন্ডনে স্থানান্তরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। এরই মধ্যে কাতার জানিয়েছে, খালেদা জিয়াকে বিদেশে নিতে হলে তারা এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করতে প্রস্তুত।

চিকিৎসকেরা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল থাকলেও উল্লেখযোগ্য উন্নতি হয়নি। ফুসফুস ও হৃদ্‌যন্ত্রের সংক্রমণসহ কিডনি জটিলতা এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি ২৩ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন। যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দুটি দল ইতোমধ্যে মেডিকেল বোর্ডে যুক্ত হয়েছে।

সব ঠিক থাকলে মধ্যরাতের পরে বা ভোরে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ রাতে বা আগামীকাল ভোরে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের এ তথ্য জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনের নির্ধারিত হাসপাতালে নেওয়ার পরিকল্পনা হয়েছে। যাত্রায় বিদেশি দুই বিশেষজ্ঞ চিকিৎসক ও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ান সঙ্গে থাকবেন। প্রয়োজনীয় সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

গত ১২ দিন ধরে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ফুসফুসের সংক্রমণ কিছুটা কমলেও হৃদ্‌রোগসহ অন্যান্য জটিলতা রয়ে গেছে। চীন ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা ইতোমধ্যে সশরীর এবং ভার্চ্যুয়ালি তাঁর অবস্থা পর্যবেক্ষণ করেছেন।

ইমরান খান সুস্থ আছেন, কারাগারে সাক্ষাৎ শেষে জানালেন তাঁর বোন

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সুস্থ আছেন বলে জানিয়েছেন তাঁর বোন উজমা খান। মঙ্গলবার আদিয়ালা কারাগারে সাক্ষাৎ শেষে তিনি জানান, বোন আলিমা ও নওরীনের সঙ্গে আলোচনা করে পরে বিস্তারিত জানানো হবে।

সম্প্রতি ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় পরিবারকে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়। এ সময় কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং আদিয়ালা জেল রোডে নতুন পাঁচটি চেকপোস্ট বসানো হয়েছে।

গুজবের কারণে পাকিস্তানের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়ালে পিটিআই রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের আহ্বান জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করে।

খালেদা জিয়ার চিকিৎসায় রাতে ঢাকা আসছে আরও এক চীনা বিশেষজ্ঞ দল

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতার জন্য চীন থেকে আরেকটি বিশেষজ্ঞ দল আজ রাতে ঢাকায় পৌঁছাবে। বুধবার দুপুরে এ তথ্য জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দুপুরে হাসপাতালে খালেদা জিয়ার খোঁজ নিয়ে ফিরে জাহিদ হোসেন জানান, তাঁর শারীরিক অবস্থায় নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। এর আগে সকালে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকেরা মেডিকেল বোর্ডে যুক্ত হয়েছেন। চীন থেকেও একটি দল ইতোমধ্যে এসে কাজ করছে।

বিভিন্ন দেশের চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চলমান সংকটাপন্ন শারীরিক অবস্থার ওপর নজর রাখছে।

শীঘ্রই দেশে আসছে পেপ্যাল: গভর্নর

আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল বাংলাদেশে কাজ শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, পেপ্যাল চালু হলে ক্ষুদ্র উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা সহজে বৈদেশিক বাজারে পণ্য বিক্রি ও পারিশ্রমিক গ্রহণ করতে পারবেন।

মঙ্গলবার রাজধানীতে ‘অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে গভর্নর জানান, আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে অনেক উদ্যোক্তা ও আউটসোর্সিং কর্মী বিদেশ থেকে অর্থ আনতে সমস্যায় পড়েন। পেপ্যাল এ সমস্যার সমাধান দেবে এবং দ্রুত লেনদেন সম্ভব হবে।

তিনি আরও বলেন, নগদ লেনদেন দুর্নীতিকে উৎসাহ দেয়; তাই ধীরে ধীরে নগদ অর্থের ব্যবহার কমাতে চায় বাংলাদেশ ব্যাংক। কৃষিখাতে ঋণ ২ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশে নেওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন গভর্নর।

Scroll to Top