পর্যটন সার্ভিসে ফিরল শতবর্ষী স্টিমার পি এস মাহসুদ

শতবর্ষী প্যাডেল স্টিমার পি এস মাহসুদ নতুন রূপে আবারও যাত্রা শুরু করতে যাচ্ছে। শনিবার এর উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে সরকার ও বিআইডব্লিউটিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইতিহাসসমৃদ্ধ এই স্টিমারটি সংস্কার করে পর্যটন সার্ভিসে যুক্ত করা হয়েছে। ২১ নভেম্বর থেকে প্রতি শুক্রবার ঢাকা–বরিশাল রুটে এটি নিয়মিত চলবে। স্টিমারটিতে আধুনিক কেবিন, নিরাপত্তা ব্যবস্থা, ডিজিটাল নেভিগেশন ও কম ধোঁয়া–নির্গমনকারী প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানান, দিনের ভ্রমণে যাত্রীরা নদীর সৌন্দর্য ও ঐতিহ্য উপভোগের সুযোগ পাবেন। পি এস মাহসুদের পাশাপাশি আরও কয়েকটি পুরোনো স্টিমার সংস্কারের পরিকল্পনাও করা হয়েছে।

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে অভিযান, ৩৫ ককটেল উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে পুলিশ। আজ সন্ধ্যায় এই অভিযানে অন্তত ৩৫টি ককটেল উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ককটেলের পাশাপাশি বোমা তৈরির সরঞ্জামও জব্দ করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক বলেন, ককটেল তৈরির তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া ককটেলগুলো পরে নিষ্ক্রিয় করা হবে।

স্পষ্ট ব্যাখ্যা না মিললে জুলাই সনদে সই নয়: এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে সই করা স্থগিত রেখেছে। দলটি বলেছে, সনদের বাস্তবায়ন আদেশ, গণভোটের কাঠামো ও সংস্কার প্রক্রিয়া স্পষ্ট না হলে তারা সই করবে না। শুক্রবার বাংলামোটরে এক সংবাদ সম্মেলনে তারা এই অবস্থান জানায়।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, সরকার সংকট কমানোর বদলে আরও জটিল করছে। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করার বিষয়েও কোনো স্পষ্ট রোডম্যাপ নেই বলে তিনি দাবি করেন।

দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, সনদের বাস্তবায়ন আদেশ এখনো অস্পষ্ট। এছাড়া গণভোটের প্রশ্নগুলো রাজনৈতিক দলগুলোর ওপর ছেড়ে দেওয়ায় সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গণভোটে ‘না’ ভোট দিতে আহ্বান জয়নুল আবেদিন ফারুকের

নোয়াখালীতে মহিলা দলের প্রতিনিধি সভায় গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, ভোটারদের হাতে এবার দুইটি ব্যালট থাকবে—একটি দলের প্রতীকের জন্য, আরেকটি গণভোটের জন্য। গণভোটের ব্যালটে ‘না’ দিতে তিনি সমর্থকদের প্রতি আহ্বান জানান।

শুক্রবার বিকেলে নোয়াখালী-২ আসনের সেনবাগ উপজেলার ডমুরুয়া আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজিত ইউনিয়ন পর্যায়ের মহিলা দলের প্রতিনিধি সভায় তিনি এ বক্তব্য দেন।

ফারুক অভিযোগ করেন, নির্বাচনকে কেন্দ্র করে নানা চক্রান্ত চলছে। তিনি বলেন, ‘কেউ বলে ভোট করবে, কেউ বলে করবে না। এখন আবার শোনা যাচ্ছে, উপ-প্রধানমন্ত্রী না দিলে নির্বাচনে যাবে না। আগে বলা হতো পিআর না দিলে নির্বাচন করবে না, গণভোট না হলে করবে না।’

খাগড়াছড়িতে দুই চীনা নাগরিক আটক, ব্যবসায়ী পরিচয়ে নিয়েছিলেন বাসা ভাড়া

খাগড়াছড়ির রামগড় উপজেলার একটি আবাসিক ভবন থেকে দুই চীনা নাগরিককে হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পৌরসভার বাজার এলাকার আবাসিক ভবনের চতুর্থ তলা থেকে তাঁদের আটক করা হয়। আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাঁরা পুলিশি হেফাজতে রয়েছেন।

ওই দুই নাগরিক হলেন জিয়াং ছেংথং (২৬) ও টেং তংগু (৩১)। আটকের সময় তাঁদের থেকে মুঠোফোন, ল্যাপটপসহ বিভিন্ন প্রযুক্তি যন্ত্র জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র যায়, তাঁরা দুজনই গত বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় অবস্থিত একটি অ্যালুমিনিয়াম কোম্পানির ফোরম্যান মো. রোকন উদ্দিনের মাধ্যমে রামগড় উপজেলায় আসেন। পরে কোনো নথিপত্র ছাড়াই ৩০ হাজার টাকা অগ্রিম দিয়ে একটি বাসা ভাড়া নেন। বাড়ির মালিককে এ সময় তাঁরা ব্যবসায়ী পরিচয় দিয়েছিলেন। ইলেকট্রনিক সামগ্রী আমদানি-রপ্তানি করতে খাগড়াছড়িতে এসেছেন—এমনটা বাসার মালিককে জানিয়েছেন।

Source: ProthomAlo

Scroll to Top