তারেক রহমান দেশে ফিরতে চাইলে এক দিনে ট্রাভেল পাশ দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার এক দিনের মধ্যেই ট্রাভেল পাশ ইস্যু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত এক সেশনে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, লন্ডনে তারেক রহমান কোন স্ট্যাটাসে আছেন তা সরকার জানে না। তবে তিনি দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ বাধা দেবে—এমনটি অস্বাভাবিক। জুলাই গণ–অভ্যুত্থানের পর ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে সময় লাগছে বলেও মন্তব্য করেন তিনি।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতে অবস্থান করলেও দিল্লি আনুষ্ঠানিক তথ্য দেয়নি বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, শেখ হাসিনা ইস্যুতে ভারত যদি তাকে ফেরত না-ও দেয়, তবুও দুই দেশের সম্পর্ক ব্যাহত হবে না।

বাংলাদেশে আমদানি বন্ধ, সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ

বাংলাদেশ পেঁয়াজ আমদানি বন্ধ রাখায় বিপাকে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের রপ্তানিকারকেরা। সীমান্তে মজুত থাকা প্রায় ৩০ হাজার টন পেঁয়াজ নষ্ট হতে শুরু করেছে। নাসিক থেকে পরিবহনসহ কেজিতে ২২ রুপি খরচ করে আনা পেঁয়াজ এখন মাত্র ২ রুপিতে বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা।

মাহাদিপুর–সোনামসজিদ ও হিলি সীমান্তে সবচেয়ে বেশি পেঁয়াজ আটকে আছে। রপ্তানিকারকদের অভিযোগ, বাংলাদেশি আমদানিকারকদের মৌখিক আশ্বাসের ভিত্তিতে বড় আকারে মজুত করা হলেও হঠাৎ রপ্তানি বন্ধ হয়ে যায়। এতে পচন ঠেকাতে প্রতিদিন শ্রমিক লাগিয়ে নষ্ট পেঁয়াজ আলাদা করতে হচ্ছে।

স্থানীয় বাজারে পেঁয়াজ ২০–২২ রুপি হলেও সীমান্তে ‘পানির দরে’ বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, দ্রুত রপ্তানি স্বাভাবিক না হলে বড় ক্ষতির মুখে পড়বেন অনেকে।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং নতুন করে অবনতি হয়নি বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রিজভী বলেন, চিকিৎসকদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে খালেদা জিয়ার অবস্থায় না উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, না অবনতি। বিদেশে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি। তিনি খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান।

তিনি আরও জানান, চেয়ারপারসনের শারীরিক পরিস্থিতির কারণে বিএনপি এ বছরের বিজয় দিবসের মশাল প্রজ্জ্বলনসহ ১৫ দিনের কর্মসূচি স্থগিত করেছে। তবে পূর্বঘোষিত রোডশো কর্মসূচি অনুযায়ী চলবে। বর্তমানে খালেদা জিয়া ফুসফুস ও হৃদ্‌যন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

খুলনায় আদালত গেইটের বাইরে গুলিতে দুইজন নিহত

খুলনায় মামলায় হাজিরা দিতে এসে মহানগর দায়রা জজ আদালতের গেইটের বাইরে দুর্বৃত্তদের গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

পুলিশ বলছে, নিহত দুজনের বিরুদ্ধেই হত্যা, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের অধীনে ছয়টি করে মামলা রয়েছে। তারা অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন এবং আড়াই মাস আগে জামিনে কারাগার থেকে বের হয়েছিলেন। পুলিশ দাবি করেছে, তারা ‘সন্ত্রাসী পলাশ গ্রুপের’ সহযোগী।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। মরদেহের আইনি প্রক্রিয়া শেষে মামলা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আদালত অবমাননা মামলায় বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালের তলব

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগে তলব করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল তাঁকে কারণ দর্শানোর নির্দেশ দেয়।

ট্রাইব্যুনাল জানিয়েছে, ফজলুর রহমানকে আগামী ৮ ডিসেম্বর স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে। সঙ্গে একাডেমিক সার্টিফিকেট ও বার কাউন্সিলের সার্টিফিকেট জমা দিতে বলা হয়েছে। গত ২৬ নভেম্বর তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।

২৩ নভেম্বর এক টকশোতে শেখ হাসিনার রায় নিয়ে মন্তব্যের কিছু অংশ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। এর আগেও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মন্তব্যের কারণে বিএনপি ২৬ আগস্ট তাঁর সব পদ তিন মাসের জন্য স্থগিত করেছিল।

Scroll to Top