বড় ভূমিকম্পের ঝুঁকি নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা

ঢাকাসহ বিভিন্ন জেলায় অনুভূত ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে যে দেশে আরও বড় ভূমিকম্প হওয়ার ঝুঁকি রয়েছে। শুক্রবার দুপুরে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির এ সতর্কতা দেন।

তিনি জানান, সাম্প্রতিক এই কম্পন ঢাকার আশপাশে বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী। ঐতিহাসিকভাবে এ অঞ্চল ভূমিকম্প–ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবিষ্যতে আরও বড় ধাক্কা আসতে পারে, যদিও সময় নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

আজকের ভূমিকম্পে রাজধানী ও অন্যান্য জেলায় সাতজন নিহত হয়েছেন। ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে হতাহতের ঘটনা ঘটে এবং অর্ধশতাধিক মানুষ আহত হন। বিশেষজ্ঞ হুমায়ুন আখতারও বলেন, বাংলাদেশে অতীতে বড় মাত্রার ভূমিকম্প হয়েছে, তাই প্রস্তুতি ও মহড়া বাড়ানো জরুরি।

আন্দামান সাগরে সিস্টেম, ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে: বিডব্লিউওটি

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দক্ষিণ–পূর্ব আন্দামান সাগর ও আশপাশের এলাকায় একটি সার্কুলেশন তৈরি হয়েছে। এটি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপে পরিণত হতে পারে। পরে সিস্টেমটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনাও রয়েছে।

বিডব্লিউওটি জানায়, ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাত হানবে কি না তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তিন থেকে চার দিনের মধ্যে এ বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। তবে মাসের শেষ দিকে এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

শীতের পরিস্থিতি সম্পর্কে প্রতিষ্ঠানটি জানিয়েছে, নভেম্বরের বাকি সময় শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম। তাপমাত্রা ওঠানামা করায় আবহাওয়া দোলাচলে থাকতে পারে। সম্পূর্ণ শীত নামতে আরও অপেক্ষা করতে হবে।

নোবেল নিতে দেশ ছাড়লে ‘পলাতক’ ঘোষণা করা হবে মাশাদোকে

ভেনিজুয়েলার নোবেলজয়ী ও বিরোধী নেতা মারিয়া করিনা মাশাদো শান্তিতে নোবেল পুরস্কার গ্রহণ করতে দেশ ছাড়লে তাঁকে ‘পলাতক’ হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছে দেশটির অ্যাটর্নি জেনারেল। বৃহস্পতিবার এএফপিকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

মাশাদো দাবি করেছেন, তিনি বর্তমানে দেশের ভেতরেই লুকিয়ে আছেন। তবে আগামী ১০ ডিসেম্বর অসলোতে নোবেল পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর বিরুদ্ধে একাধিক ফৌজদারি তদন্ত চলছে বলে জানান অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব।

তিনি বলেন, মাশাদোর বিরুদ্ধে ষড়যন্ত্র, বিদ্বেষ উসকানি এবং সন্ত্রাসবাদ–সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে।

সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সৌজন্য বিনিময়

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পারস্পরিক সৌজন্য বিনিময় করেন।

সাক্ষাতে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং তাঁর সহধর্মিণী আফরোজী ইউনূসের খোঁজখবর নেন।

এ সময় খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস–২০২৫ উপলক্ষে আজ শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ। সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

এর আগে অধ্যাপক ইউনূস শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

Scroll to Top