মানিলন্ডারিং মামলায় সাকিবসহ ১৫ আসামিকে দুদকে তলব

শেয়ারবাজার কারসাজি, অবৈধ লেনদেন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক ক্রিকেট অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

তদন্তের অগ্রগতির অংশ হিসেবে আসামিদের ২৫ ও ২৬ নভেম্বর উপস্থিত হতে বলা হয়েছে। সাকিবকে ২৬ নভেম্বর সকাল ১০টায় দুদক প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে হবে। মামলার প্রধান আসামি সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের।

দুদকের অভিযোগ অনুযায়ী, আবুল খায়ের বাজার কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের প্রায় ২৫৭ কোটি টাকা ক্ষতি করেছেন এবং প্রায় ৩০ কোটি টাকার অপরাধলব্ধ অর্থ গোপনে স্থানান্তরের চেষ্টা করেছেন। তার ১৭টি ব্যাংক অ্যাকাউন্টে ৫৪২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনও পাওয়া গেছে।

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব গৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি রোহিঙ্গা সংকট সমাধান এবং তাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব গ্রহণ করেছে। ওআইসি ও ইউরোপীয় ইউনিয়ন প্রস্তাবটি উত্থাপন করে, যেখানে ১০৫টি দেশ সমর্থন জানায়।

প্রস্তাবে রাখাইনে মানবাধিকার লঙ্ঘন, রোহিঙ্গাদের ওপর নিপীড়ন ও মানবিক সহায়তায় বাধা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোর ওপর বাড়তি চাপের কথাও উল্লেখ করা হয়।

বাংলাদেশ প্রতিনিধিদল প্রস্তাবে সমর্থনের জন্য দেশগুলোকে ধন্যবাদ জানালেও জানায়, গত আট বছরে প্রত্যাবাসনে কার্যকর অগ্রগতি না হওয়ায় তারা হতাশ। প্রতিনিধিদল ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার চাপ আর বহন করা সম্ভব নয় বলে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানায়।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে আগামী শনিবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছাবেন। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব মো. আসাদ আলম সিয়াম জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে।

সফরের লক্ষ্য দুই দেশের যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা। ঢাকা অবস্থানকালে শেরিং তোবগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ইউনূস ভুটানের প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানান, যা তিনি সানন্দে গ্রহণ করেন।

আফগান সীমান্তে পাকিস্তানের অভিযানে ৩০ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, আফগান সীমান্তের কাছে সাম্প্রতিক কয়েক দিনের অভিযানে ৩০ জন জঙ্গি নিহত হয়েছে। গত সপ্তাহে ইসলামাবাদে আত্মঘাতী হামলায় ১২ জন নিহত হওয়ার পর এসব অভিযান জোরদার করা হয়।

সামরিক বাহিনী দাবি করেছে, নিহতরা পাকিস্তানি তালেবান বা সংশ্লিষ্ট গোষ্ঠীর সদস্য এবং তারা বিদেশি সমর্থন পাচ্ছিল। খাইবারপাখতুনখোয়ার কুররাম জেলায় বুধবার ২৩ জন এবং ১৮–১৯ নভেম্বর মোহমন্দ, লাক্কি মারওয়াত ও ট্যাংক জেলায় আরও সাতজন জঙ্গি নিহত হয়।

পাকিস্তান জানায়, সন্ত্রাস দমনে অভিযান অব্যাহত থাকবে। এদিকে আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক সাম্প্রতিক সংঘর্ষে আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে, যেখানে দুই পাশে ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছে এবং সীমান্ত এখনো বন্ধ রয়েছে।

৩–৪ কার্যদিবসের মধ্যেই গণভোট আইন আসছে: আইন উপদেষ্টা আসিফ নজরুল

আগামী তিন থেকে চার কার্যদিবসের মধ্যেই গণভোট আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে যে গণভোট হবে, তার আইন দ্রুত চূড়ান্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় গঠনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ, যা নিম্ন আদালতের বিচারকদের প্রশাসনিক দায়িত্ব পালন করবে। এতে বিচার বিভাগের স্বাধীনতা আরও সুসংহত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ব্রিফিংয়ে আসিফ নজরুল বলেন, জুলাই অভ্যুত্থানের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে সরকার সব ধরনের আন্তর্জাতিক উদ্যোগ বিবেচনা করছে। একই সঙ্গে ভারতকে চিঠি পাঠানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

Scroll to Top