তফসিলের আগেই মাঠ প্রশাসন পুনর্গঠনের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই লটারি প্রথায় মাঠ প্রশাসন পুনর্গঠন করা হবে। শনিবার পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচন শুরুর পাঁচ দিন আগে থেকে প্রশাসন মাঠে শক্ত অবস্থানে থাকবে এবং নির্বাচনের দিনসহ আরও তিন দিন আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, র‌্যাব ও আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার রাখা হয়েছে।

ডা. শফিকুরকে কড়া সমালোচনা ফজলুর রহমানের

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে কঠোরভাবে সমালোচনা করেছেন বিএনপি নেতা ফজলুর রহমান। যুগান্তরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, একসময় জাসদের বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী ডা. শফিকুর এখন জামায়াতের শীর্ষ নেতা হয়েছেন, এ পরিবর্তন তাকে বিস্মিত করেছে।

ফজলুর রহমান দাবি করেন, সুফিবাদী ধারায় ইসলাম প্রচারিত হয়েছে এই উপমহাদেশে। কিন্তু জামায়াত ওহাবী মতবাদে বিশ্বাসী এবং তারা নবীর মর্যাদা সম্পর্কে ভিন্ন ব্যাখ্যা দেয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, শরিয়তের পাশাপাশি মারফত ও তরিকত না মানলে ইসলাম পূর্ণতা পায় না। নবী মুহাম্মদ (সা.)–এর নূরের বৈশিষ্ট্য মানা মুসলমানের মৌলিক বিশ্বাস, এ মতবাদেই তিনি অটল থাকবেন।

প্রচারণায় ময়লা পানি নিক্ষেপের শিকার স্বতন্ত্র প্রার্থী হাদি

ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে প্রচারণায় গিয়ে বিরূপ অবস্থার মুখে পড়েছেন। তার সঙ্গে থাকা সাংবাদিকদের গায়ে তিন দফা ময়লা পানি নিক্ষেপ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হাদিকে বলতে শোনা যায়, ময়লা পানি মারলেও তার আপত্তি নেই। তিনি জানান, সাংবাদিকদের ওপর হামলা মানেই তার ওপর হামলা। ঘটনাটি ইচ্ছাকৃত এবং অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন তিনি।

ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।

বিকল্প রাজনৈতিক শক্তি গঠনে নভেম্বরের শেষে জাতীয় কনভেনশন আয়োজন করছে বাম দলগুলো

বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদসহ প্রগতিশীল বাম ঘরানার দলগুলো বিকল্প রাজনৈতিক শক্তির উত্থানে জাতীয় কনভেনশন আয়োজনের ঘোষণা দিয়েছে। শনিবার রাজধানীর পুরানা পল্টনের সিপিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

২৯ নভেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই কনভেনশন। আয়োজকদের দাবি, মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন সমাজ গড়াই এই উদ্যোগের লক্ষ্য।

সংবাদ সম্মেলনে বিদ্যমান রাজনৈতিক শক্তির ব্যর্থতার সমালোচনা করে আট দফা প্রস্তাবনা তুলে ধরা হয়—যার মধ্যে রয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার, সাম্প্রদায়িকতা প্রতিরোধ, দুর্নীতির বিচার, জনগণের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা।

নতুন ইউনিফর্মে মাঠে নেমেছে পুলিশ

ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে আজ শনিবার প্রথমবারের মতো দেখা গেল পুলিশের নতুন পোশাক। ডিএমপিসহ দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটে আজ থেকে লৌহ রঙের এই ইউনিফর্ম চালু হয়েছে। তবে জেলা পুলিশ ধাপে ধাপে নতুন পোশাক পাবে।

বৈষম্যবিরোধী আন্দোলনের দমন–পীড়নের অভিযোগের পর পুলিশ সংস্কারের দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার এই নতুন পোশাক অনুমোদন করে। পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে ও নৌ পুলিশও একই পোশাকে কাজ করবে।

অন্তর্বর্তী সরকার আশা করছে, পোশাক পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যদের মানসিকতা ও আচরণেও ইতিবাচক পরিবর্তন আসবে। স্বাধীন পুলিশ কমিশন গঠনের কাজও চলছে।

Scroll to Top